দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় কামাল আহমেদ (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় হেলমেট ও মাস্ক পরিহিত কয়েকজন যুবক তাকে কুপিয়ে হত্যা করে।
নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এছাড়া তিনি নওগাঁ জেলা ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি। কামাল আহমেদ সাংস্কৃতিক সংগঠন নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন।
বিএনপির অভিযোগ, দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যাতে নেতাকর্মীরা মাঠে নামতে না পারে সেজন্য একের পর এক নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে টার্গেট করে হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় হামলা চালানো হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাত রাত সাড়ে ৮টার দিকে কামাল আহমেদ সান্তাহার থেকে অটোরিকশায় নওগাঁয় আসছিলেন। পথে ইয়াদআলী মোড় নামক স্থানে তিনটি মোটরসাইকেলযোগে সাতজন হেলমেট পরিহিত যুবক অটোরিকশার গতিরোধ করে রাস্তায় নামিয়ে চাপাতি দিয়ে পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পিঠে ও ঘাড়ে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এফএইচ