দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলায় ১৫০০ পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে।
তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক।
বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল হালিম শাকিল বলেন, ভোররাতের দিকে স্থানীয় লোকজন আবদুর রহীমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখে। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মালিকের বরাত দিয়ে তিনি বলেন, এতে প্রায় ১৫০০ পোল্ট্রি মুরগি আগুনে পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে খামার মালিক আবদুর রহীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে তা বলা যাবে। ধারণা করা হচ্ছে এক হাজারের বেশি মুরগি আগুনে পুড়ে মারা গেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/এইউ