দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ জংশন রেলস্টেশনে বহাল রাখা এবং ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ের সার্বিক উন্নয়নসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদী নাগরিক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ এ সংবাদ সম্মেলন করে। একই দাবিতে দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রতিবাদী নাগরিক অবস্থান কর্মসূচি পালন করে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
এ সময় বিএমএ জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, জনউদ্যোগের সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, অধ্যাপিকা লুৎফুন্নাহার, মতিউর রহমান ফয়সাল উপস্থিত ছিলেন।
১৫ দফা দাবির মধ্যে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহে বহাল রাখা, শেরপুর জেলাকে রেল সংযোগের আওতায় এনে শেরপুর-জামালপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক বা একাধিক আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ থেকে সরাসরি কক্সবাজার ও সিলেটে আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ও মেইল ট্রেনে অতিরিক্ত দুটি করে আধুনিক কোচ সংযুক্তকরণ, উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি রেল যাতায়াতের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর-তারাকান্দি হয়ে যমুনা নদীর ওপর নির্মীয়মান রেল ব্রিজ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটের ট্রেন চলাচলে জন্য নগরীতে ওভারপাস রেললাইন স্থাপন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ময়মনসিংহ জংশন রেলস্টেশন ও রেল চত্বরকে আধুনিক, দৃষ্টিনন্দন ও যাত্রীবান্ধব করণ, ময়মনসিংহ অঞ্চলের বন্ধ হয়ে যাওযা ১০টি রেলস্টেশন পুনরায় চালু করা, ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত শতবর্ষী রেল সেতুটি সংস্কার, অস্বাস্থ্যকর ও ভগ্নপ্রায় ভবনগুলো অপসারণ করে রেল কলোনিতে বহুতল বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করে রেলওয়ে কর্মচারীদের আবাসিক ব্যবস্থার উন্নয়ন এবং রেলওয়ে ডিসপেনসারি ও হাসপাতালের উন্নয়ন করে আধুনিক চিকিৎসার ব্যবস্থা চালু করা অন্যতম। দাবি মানা না হলে রেলপথ অবরোধসহ বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এদিকে জেলা নাগরিক আন্দোলনের প্রতিবাদী নাগরিক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন ও আলী ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে ময়মনসিংহ-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হয়। সম্প্রতি ট্রেনটি জামালপুর থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়ায় ট্রেনটির স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহে বহাল রাখার এই দাবি জানানো হয়।
জেবি