দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হ্যাকশ ব্লেড দিয়ে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রেললাইনের প্রায় ১৮ ইঞ্চির মতো জায়গা কেটে ফেলা হয়েছে। এতে অল্পের জন্য জন্য রক্ষা পেয়েছে বিজয় এক্সপ্রেস।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) গভীর রাতে অথবা শুক্রবার ভোরের দিকে ভৈরব-ময়মনসিংহ রেলপথের উপজেলার মুশুলি ইউনিয়নের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ এলাকার হাজী মমতাজ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। মোহনপুরসহ আশপাশের গ্রামের লোকজন সেই খেলা দেখার জন্য রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিলেন। তখন লাইন কাটা অবস্থায় দেখতে পান অনেকে। পরে তারা স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুল ইসলাম ভূঁইয়াকে রেললাইন কাটার বিষয়টি জানান। ইউপি সদস্য ঘটনাটি থানায় জানান। পরে উচ্চপর্যায়ে জানাজানি হয়।
রেললাইন কাটার ঘটনাটি প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তারা জানার পর দ্রুত তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গতি কমিয়ে বিশেষ ব্যবস্থায় ঝুঁকি নিয়ে রেললাইনের কাটা অংশ অতিক্রম করে যায়। এরপর থেকে রেলপথের কাটা অংশ মেরামতের কাজ করছে রেলওয়ের প্রকৌশল বিভাগের লোকজন।
স্থানীয় সূত্র জানায়, ওই স্থানটি নিরব। নান্দাইল সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিশোরগঞ্জের সীমানায় নীলগঞ্জ এলাকার পাশেই এই রেললাইনটির অবস্থান।
ভৈরব-ময়মনসিংহ রেলপথের নান্দাইল উপজেলার মোহনপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের যে অংশটি কাটা হয়েছে সেটি খুবই নির্জন এলাকায় অবস্থিত। গ্রামের লোকজনের সেদিকে তেমন চলাচল নেই। এছাড়া এই লাইন দিয়ে সারাদিনে মাত্র দুটি ট্রেন আসা-যাওয়া করে। এর একটি হচ্ছে নাসিরাবাদ মেইল ও অপরটি বিজয় এক্সপ্রেস।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল জানান, মুশুলি ইউনিয়নের স্থানীয় একজন ইউপি সদস্য মো. এরশাদুল ইসলাম ভুইয়া তাকে ফোন করে রেললাইন কাটা থাকার ঘটনাটি জানান। পরে তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারেন রেললাইন কেটে ফেলার ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রেন দুর্ঘটনায় পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।
তিনি আরও বলেন, রেললাইনে নাশকতা করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। কিশোরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের (এনএসআই) ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. আবদুর রাজ্জাক ফকির, রেলওয়ের পিডব্লিউআই (পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর) মো. রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হন। রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থলে রেলওয়ের প্রকৌশল বিভাগের লোকজন রেললাইন মেরামতের কাজ করছিলেন।
জেবি