দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবীদ্বারে বিদ্যালয়ের দোলনায় চড়তে যেয়ে বৈদ্যুতায়িত হয়ে নুসাইফা (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলা পরিষদ কমপ্লেক্সের উপজেলা পরিষদ স্কুলে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ক্লাস শুরুর আগে তিন শিশু দোলনায় চড়ছিল। সকাল সাড়ে ১০টায় পিটি ক্লাশ শুরু হলে দুই শিক্ষার্থী চলে আসলেও নুসাইফা (৯) দোলনায় আটকে যায়। পরে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীরা আরও জানান, বিদ্যালয়ের একটি পুরাতন ভবনকে আনসার সদস্যরা আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহার করছেন। আনসারদের ভবন থেকে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সঙ্গে একটি কক্ষে ঝুলন্ত বৈদ্যুতিক তার ছিল। যেটি দোলনার স্টিল ফ্রেমের ওপরে ঝুলে ছিল। নিহত মেধাবী শিক্ষার্থী নুসাইফা (৯) উপজেলা পরিষদ স্কুলের তৃতীয় শ্রেণির গোলাপ শাখার ছাত্রী ছিল। তার বাবা এলজিইডি অফিসের কার্যসহকারী মো. সহিদুল ইসলাম। তারা স্বপরিবারে উপজেলা পরিষদ কোয়ার্টারে থাকতেন। তাদের গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পাশারকোট গ্রামে। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, বৈদুতিক শকে নয় নুসাইফা দোলনায় চড়তে যেয়ে গলায় শিকল পেঁচিয়ে মারা গেছে।
আনসার সদস্য মো. হাফিজ জানান, উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে আমরা উপজেলা পরিষদ স্কুলের পুরাতন ভবনকে আবাসন হিসেবে ব্যবহার করে আসছি। আমরা ১০ জন আনসার সদস্য এখানে থাকি। দু’মাস আগে থেকে আমরা আলাদা বৈদ্যুতিক মিটার ব্যবহার করে আসছি। এর আগে বিদ্যালয়ের মিটার ব্যবহার করতাম। এখন নতুন করে আমাদের মিটার থেকে একটি ঝুলন্ত তারের সহযোগিতায় বিদ্যালয়ের ভবনে সংযোগ নিয়েছিল। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। ভবনটি আনসার বাহিনীর আবাসন হিসেবে উপজেলা পরিষদ স্কুল কোন নিয়মে স্থানান্তর করা হয়েছে? তার সদুত্তর দিতে পারেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ওই ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এএসপি সার্কেল শাহ মোহাম্মদ তারিকুজ্জামান, অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, বিদ্যুৎ অফিসের ডিজিএম ও শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। এ ব্যাপারে অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় তার পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেব।
জেবি