দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজের এক দিন পর তাসনিয়া আফরিন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার সোনার বাংলা এভিনিউ এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয় ওই গৃহবধূ। নিহত তাসনিয়া আফরিন সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আনসার আলী মাস্টার কান্দি এলাকার সাগর গাজীর স্ত্রী ও জাজিরা পৌরসভার জাকির তালুকদারের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে জাজিরা পৌরসভার জাকির তালুকদারের মেয়ে সাদিয়া আফরিন ভালোবেসে বিয়ে করেন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আনসার আলী মাস্টার কান্দি এলাকার সাগর গাজীকে। তবে ছোটবেলা থেকে ঢাকাতে থাকার কারণে তাসনিয়া আফরিন সাঁতার জানতেন না। গতকাল শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো উত্তর তারাবুনিয়া এলাকার পদ্মা নদীতে গোসল করতে যান তাসনিয়া। সাঁতার না জানায় নদীতে নেমে আর উঠতে পারেননি তিনি। পরবর্তীতে তার স্বজনরা বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ নৌ পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেন। তবে নৌ পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করার আগেই আজ শনিবার সকালে স্থানীয়রা নদীতে জাল ফেলে তাসনিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহত তাসনিয়া আফরিনের মা সাবিনা আক্তার বলেন, আমার মেয়ে ছোট বেলা থেকে ঢাকাতে বড় হয়েছে। ও সাঁতার জানতো না। তাসনিয়া সাগরকে ভালোবেসে মাত্র তিন মাস আগে বিয়ে করেছিল। অল্প বয়সেই আমার মেয়েটা পানিতে পড়ে মারা গেল এটা মেনে নিতে পারছি না।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ মোল্যা বলেন, ঘটনা শোনার পরপরই নদীর পাড়ে গিয়েছিলাম। গতকাল থেকেই নদীতে খোঁজ করা হচ্ছিলো। মেয়েটা অল্প বয়সে নদীতে পড়ে মারা গেল, বিষয়টি দুঃখজনক।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, তাসনিয়া আফরিন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাঁতার না জানায় সে নদীতে গোসলে নেমে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জেবি