দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৪৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে জেলায় ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে এক নম্বর ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দকে দুই নম্বর আসামি করে ২৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ মামলার নথির বরাত দিয়ে বলেন, বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় পুলিশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নগরীর পাটগুদাম ঢাকা রেললাইনের পূর্ব পাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তার ওপর বিএনপির নেতাকর্মীরা বেআইনিভাবে অবস্থান করছে।
অবস্থান করে জীবনহানিকর মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণসহ দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চারটি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরা ও ৩৪ টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
এদিকে, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোতোয়ালি থানায় ১৬, ত্রিশালে ৯, মুক্তাগাছা ৪, নান্দাইলে ৪, ঈশ্বরগঞ্জে ৩, ভালুকায় ৩, ধোবাউড়ায় ৩, গফরগাঁও ১, গৌরীপুরে ১, ফুলবাড়িয়ায় ১ ও ফুলপুরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
জেবি