দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট পালপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৫)। মিঠুন খোঁয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মিঠুন তার বাবা মহাদেব দেবনাথের সঙ্গে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এক নিকটাত্মীয় বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় একটি অটোরিকশায় করে তারা নিজেদের বাড়ি টেকেরহাট পালপাড়ায় যাচ্ছিল। তাদের অটোরিকশাটি মঠেরবাজার এলাকায় এলে শরীয়তপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা থেকে বাবা-ছেলে ছিটকে মহাসড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক গুরতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী মো. জসিম মিয়া বলেন, ‘অটোরিকশাটি মহাসড়কের পাশ দিয়ে ধীরেই চলছিল। সামনে থেকে দুটি কাভার্ডভ্যান একসঙ্গে আসতেছিল। একটি কাভার্ডভ্যান অন্যটিকে ওভারটেক করতে গেলে ওই অটোরিকশাকে চাপ দিলে ধাক্কা লাগে। এরপরেই অটোরিকশার দুই যাত্রী রাস্তায় পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছটফট করতে করতে মারা যায়।’
সাব্বির হোসেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মহাসড়কের এক পাশে খড়কুটা, আমন ধান রাখা ছিল। ধানগুলো রাস্তার ওপরে রাখায় বড় গাড়ি চাপ দিলে অটোরিকশাটি ধানের ওপর উঠিয়ে দেয়। ধানগুলো রাস্তায় না থাকলে আজ এই দুর্ঘটনা ঘটতো না।’
নিহত মহাদেব দেবনাথের ভাগনে চন্দ্রনাথ মাঝি বলেন, ‘মামার পরিবারটা শেষ হইয়া গেলো। মামার একটা ছোট্ট মেয়ে আছে। পরিবারটারে দেখার কেউ নাই। কোনোভাবেই এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ওই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেবি