দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা শহরের কালীবাড়ি রোড এলাকার একটি বসতঘরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরদল ওই ঘরের দেয়াল ভেঙে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৭ থেকে দুপুর ১টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পৌর ৩ নং ওয়ার্ডের ভাওয়াল বাড়ির মৃত দিলীপ ভাওয়ালের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘরের মালিক স্কুল শিক্ষিকা অরুনা ভাওয়াল ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অরুনা ভাওয়াল বলেন, সকাল ৭টার দিকে তিনি ঘরে তালা মেরে স্কুলে চলে যান। দুপুরে ১টার দিকে বাসায় এসে দেখেন ঘরের মালামাল এলোমেলো এবং আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে কেউ না থাকার সুযোগে দিনের যেকোনো সময় চোররা দেয়াল ছিদ্র করে ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এদিকে চুরির ঘটনার পর পরই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
অন্যদিকে দিনের বেলায় হঠাৎ করেই চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এইউ