দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নৈরাজ্য ও হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও পালিত হয়েছে শান্তি সমাবেশ। রোববার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙণে এ শান্তি সমাবেশ আয়োজন করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার বিএনপির সমাবেশে পুলিশ হত্যা, পুলিশ, সাংবাদিক ও জনসাধারণের ওপর হামলা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও বিভিন্ন জায়গায় বাসে অগ্নি সংযোগ করে বিএনপির কর্মী সমর্থকেরা।
সিরাজগঞ্জের শান্তি সমাবেশে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের প্রায় ১৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, বিএনপি যেখানে প্রতিরোধ সেখানে, জামাত যেখানে প্রতিরোধ সেখানে।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বিএনপির হরতাল-নৈরাজ্যে সকলকে কঠোর হস্তে দমন করার কথা বলেন। তিনি বলেন, ‘কানাডার আদালতে পাঁচ বার প্রমাণিত সন্ত্রাসী দল, অগ্নিসন্ত্রাসী দল বিএনপি আবারও তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। সমাবেশের নামে তারা পুলিশ হত্যা করে, প্রধান বিচারপতির বাসায় আগুন দেয়, চলন্ত বাসে আগুন দেয়, হাসপাতালে আগুন দেয়। যুদ্ধের সময়ও কোথাও হাসপাতালে আক্রমণ করা হয় না; বিএনপি হাসপাতালে আগুন দেওয়ার মতো জঘন্য ও ন্যাক্কারজনক সেই কাজটি করেছে। খুনিদের কোনো মাফ নাই, সিরাজগঞ্জে আর তাদেরকে আর দাঁড়াতে দেওয়া হবে না।
ডা. মিল্লাত এমপি নিহত পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল পারভেজের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার তার বক্তব্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জন্য দাবি জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান।
জেবি