দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৩)। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর বড় ছেলে।
নদীভাঙনে বসতবাড়ি হারিয়ে কয়েক বছর আগে তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে বাড়ি করেন। সংঘর্ষে নিহতের খবর পেয়ে আদি বাড়ি দৌলতপুরে ও ফয়েজপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামের বাড়িতে থাকেন তার বাবা, মা ও ছোট ভাই। ঢাকায় কর্মস্থল হওয়ায় স্ত্রী রুমা আক্তার ও মেয়ে তানহাকে নিয়ে শাজাহানপুরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
১৯৯০ সালে ১০ মে চরকাটারী গ্রামে জন্ম নেওয়া আমিরুল স্থানীয় চরকাটারী সবুজ সেনা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে ২০১১ সালের ১৫ আগস্ট পুলিশ বিভাগে কনস্টেবল পদে যোগ দেন।
চলতি বছরের ৩ আগস্ট থেকে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিআই–৩) ইউনিটে কর্মরত ছিলেন।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন কালে বিএনপির কর্মীদের হামলায় একমাত্র উপার্জনকারী আমিরুল নিহত হওয়ায় তার পরিবারের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। সেইসঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
জেবি