দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রাম-তেলকাড়া খালে বিচরণকারী একটি কুমির ধরেছে গ্রামের যুবকরা।
শনিবার (২৮ অক্টোবর) সকালে এটি আটক করে। বিকেলে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর ওই গ্রামের লোকজন মাইগ্রাম-তেলকাড়া খালে দুটি কুমিরের উপস্থিতি লক্ষ্য করেন। খালে কুমিরের উপস্থিতি দেখতে আশেপাশের এলাকার মানুষ খালপাড়ে ভিড় করে। খালে কুমিরের বিচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২৩ অক্টোবর নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ ও বনকর্মী মো. হাসান খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে খালে কুমির বিচরণের ভিডিও ধারণ করে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমির উদ্ধারে সময় ক্ষেপণ করেন। এরই মধ্যে ওই এলাকার যুবকরা খালের কুমির ধরার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকেন।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে ওই খালের দাসপাড়া এলাকায় মাইগ্রামের সাহসী যুবক ইয়ামিন চৌধুরী শান্তর নেতৃত্বে ৭-৮ জন যুবক দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে কৌশলে একটি কুমিরকে ধরে ফেলে। ধরার সময় কুমিরটি খালের পাড়ে রোদ পোহাচ্ছিল।
পরবর্তীতে বিকেলে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যায়।
খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, নড়াইলের লোহাগড়ায় খালে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা। এ প্রজাতির কুমির বিলুপ্তপ্রায়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে কুমিরটি সুবিধাজনক স্থানে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
জেবি