দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে খান জাহান আলী (রহ.) এর মাজারের দীঘিতে মারা যাওয়া কুমির মাদ্রাজির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) গভীর রাতে দীঘির প্রধান ঘাট সংলগ্ন এলাকায় মাদ্রাজিকে মাটিচাপা দেওয়া হয়।
এদিন দীঘির দক্ষিণ-পশ্চিম কোণে পুরুষ (বড়) কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, খাদেমসহ দর্শনার্থীরা মাজার প্রাঙ্গণে ভিড় করেন। বিকেলেই কুমিরটিকে দীঘি থেকে তোলার উদ্যোগ নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনার পরিচালক ডা. মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে কয়েক ঘণ্টার চেষ্টায় কুমিরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্ত শেষে ডা. লুৎফর রহমান জানান, কুমিরটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কুমিরের দেহের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেতে আনুমানিক দুই থেকে তিন মাস সময় লাগবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, কুমিরটিকে ঘাটের পাশে মাটিচাপা দেওয়া হয়েছে। কুমিরের মৃত্যুতে আমরা খুবই কষ্ট পেয়েছি। এই দীঘির অন্যতম ঐতিহ্য মিঠা পানির কুমির। বর্তমানে এখানে একটি নারী কুমির রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে কুমিরটি বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তখন শুকনো জায়গায় দুই সপ্তাহ রেখে মাদ্রাজিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তখন কুমিরটির মাথা ও চোখে কিছু সমস্যা ছিল। তবে চিকিৎসায় সেরে উঠেছিল কুমির মাদ্রাজি।
এইউ