দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ফাজিল মাদরাসার ক্লাস বন্ধ রেখে প্রতিষ্ঠানটির মাঠে সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। স্থানীয় এলাকার সুফলভোগী ও নেতাকর্মী নিয়ে তিনি এ সভা করেন। সভার আয়োজন করে স্থানীয় নলকা ইউনিয়ন পরিষদ। মাদরাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীর এদিন ৫টি বিষয়ের ক্লাশ ছিলো। এমনকি সভায় উপস্থিত লোকদের বসার জন্য ক্লাসরুমের বসার ব্রেঞ্চও সভায় নিয়ে যাওয়া হয়।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অভ্যন্তরে এই মতবিনিময় সভা শুরু হলেও এর কার্যক্রম শুরু হয় তারও আগ থেকেই। সকাল ৮টা থেকেই সভাস্থলে উপস্থিত হতে থাকেন সুফলভোগীসহ দলীয় নেতাকর্মীরা। সেখানে এমপি আসেন দুপুর ১২টার দিকে এবং সভাটি শেষ হয় দুপুর ২টার পরে।
সরেজমিনে মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় এমপি'র মতবিনিময় সভাস্থলে গিয়ে দেখা যায়, সভায় কয়েক হাজার সুফলভোগী ও নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সেখানে বড় করে করা হয়েছে একটি মঞ্চ। সামনে বিশাল সামিয়ানা টানিয়ে সেখানে কয়েক হাজার চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে সুফলভোগী ও নেতাকর্মীদের। মঞ্চে উপস্থিত আছেন নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ।
অনুষ্ঠানের ব্যানারে লেখা দেখা যায়, সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডলেরও। তবে তিনি সভায় উপস্থিত ছিলেন না।
মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, সকাল ১০টার পরে সভা শুরু হলেও সকাল ৮টা থেকেই লোকজন সভায় আসতে থাকে। অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ বিষয়ের ক্লাস হলেও আজ মাদরাসায় এমপি সাহেবের প্রোগ্রাম থাকায় সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত ৩ বিষয়ের ক্লাস হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়াও প্রোগ্রাম শুরু হওয়ার পরে সকল ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের বসার সব ব্রেঞ্চও নিয়ে গেছে তারা। ক্লাসরুমের সামনে সভা হচ্ছে, অনেকগুলো মাইক বাঁজছে, হাজার হাজার লোক, ব্রেঞ্চও নাই, এভাবে তো আর ক্লাস হয়না। তিনি যোগ করেন, আজ ক্লাস হবে না বুঝেই সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ক্লাসের টাইম দেওয়া হয়।
শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে সভার বিষয়ে জানতে চাইলে মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. জিল্লুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবারে একটা মিটিং করে রেজুলেশন করেছি। রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, এমপি'র সভার জন্য আজ (১৬ অক্টোবর) মাদরাসায় ক্লাস সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত হবে। রেজুলেশন দেখতে চাইলে অপারগতা প্রকাশ করে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ক্লাস বন্ধ রেখে এই সভার অনুমতি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এর বেশি কিছু জানার দরকার হলে আপনি সভাপতির সঙ্গে কথা বলুন।
এ ব্যাপারে মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সভাপতি ও নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেন বলেন, যেহেতু আমি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি তাই অধ্যক্ষকে বলেছিলাম আমার বরাবর একটা আবেদন দিতে এবং মর্নিং শিফটে ক্লাস চালাতে। তবে যেহেতু এতবড় প্রোগ্রাম তাই পাঠদানে একটু সমস্যা তো হবেই।
মর্নিং শিফটের দুই ঘণ্টায় মাত্র ৩টা বিষয়ের ক্লাস নেওয়া সম্ভব তাহলে আরও ৫টি বিষয়ের ক্লাস বন্ধ থাকল এবং শিক্ষার্থীদের বসার ব্রেঞ্চ পর্যন্ত বের করে নেওয়া হয়েছে এই বিষয়ে জানতে চাইইলে তিনি সামনাসামনি এসে কথা বলার জন্য বলেন।
জেবি