দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ছয় দফা দাবি না মানলে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পাঁচটি সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল।
এ সময় তিনি বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র, নসিমন, থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল করছে। এছাড়া রুট পারমিট ছাড়া মাদারীপুরের মহাসড়ক ব্যবহার করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিটনেসবিহীন পরিবহন চলছে।
অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে বাস কাউন্টার খুলছে একটি চক্র। এমনকি মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছে অপ্রাপ্তরা। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসব দাবি ১৭ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের জন্য প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে আহ্বান জানান শ্রমিক নেতারা।
তাদের এই দাবি না মানলে আগামী ১৮ অক্টোবর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবে শ্রমিকরা। এতে মাদারীপুরের মহাসড়ক ব্যবহার করে অন্য জেলায় যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে অংশ নেয় মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর, সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর প্রমুখ।
জেবি