দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে দীর্ঘদিন পর চালু হচ্ছে ফেরি চলাচল। এরই মধ্যে ‘কুঞ্জলতা’ নামের একটি ফেরি রমনা ঘাটে পৌঁছে গেছে। ফেরিঘাটে যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনের তথ্য মতে, গত শুক্রবার সন্ধ্যায় আরিচাঘাট থেকে ফেরিটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযোগ সড়ক, পল্টুনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়। আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মাহফুজ আলম সজল।
রৌমারী-রাজিবপুর উপজেলাবাসীকে জেলা শহরে যাতায়াতে নৌকার ওপর ভরসা করতে হয়। বর্ষা মৌসুমে নৌপথে বেড়ে যায় জীবনের ঝুঁকি। আর হয়ে থাকে নানা দুর্ঘটনা। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না যাত্রীদের।
অন্যদিকে নৌপথে চলাচল করতে গুণতে হয় দিগুণ অর্থ এবং নদী ইজারাদারে প্রতারণার শিকার যাত্রীরা তাদের অত্যাচারে সীমাহীন অতিষ্ঠ। ফেরি চলাচল শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে ফেরি চলাচল করতে পারলেও গ্রীষ্ম মৌসুমে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হতে পারে। এ বিষয়েও সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন যাত্রীরা।
রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, শুধু ফেরি চলাচল নয়। আমরা চাই সরকার ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণ না করে টানেল নির্মাণ করুক। এতে এখানকার জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং নদীর গতিপথ ঠিক থাকবে এবং চিলমারীর মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মাহফুজ আলম সজল বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ফেরিটি উদ্ধোধন করা হবে। পরে আরও একটি ফেরি রৌমারী ঘাটে যুক্ত করা হবে। নিয়মিত ফেরি দুটি ওই রুটে চলাচল করবে। এছাড়া নাব্য সংকট দূর করতে চিলমারী ও রৌমারী ঘাটে দুটি ড্রেজার অবস্থান করবে। ফেরি চলাচলে কোথাও বিঘ্ন ঘটলে ড্রেজার দুটি সার্বক্ষণিক কাজ করবে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, চিলমারী-রৌমারী ফেরি চলাচলের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক এবং মৌলিক চাহিদা পূরণ হবে। সেই সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সহজ হবে। আমরা আশা করছি, আগামী বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও বিআইডব্লিউটিএ’র পরিচালক উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচলের উদ্বোধন করবেন।
এইউ