দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে জান্নাতি খাতুন নামে ৬ বছরের শিশুকে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে রাখার ঘটনায় সেলিনা খাতুন নামে একজনকে আটক করেছে র্যাব। আটক নারী বাগুটিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনা জানায়, সমিতির কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে শিশু জান্নাতির কানের স্বর্ণের রিংয়ের দিকে তার নজর পড়ে। আর সেই রিংয়ের জন্যই হত্যা করা হয় শিশু জান্নাতিকে।
আটক সেলিনার স্বামী রবিউল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তার স্ত্রী বিভিন্ন সমিতি থেকে প্রায় ১ লাখ টাকার মতো কিস্তির টাকা লোন করেছে। কিন্তু কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করতে না পারার কারণে জান্নাতির কানের স্বর্ণের রিংয়ের জন্য এমন কাজ করতে পারে বলে তার ধারণা।
৬ বছরের শিশু জান্নাতি হত্যার পর ঝিনাইদহ র্যাব তার কানের দুল উদ্ধার করেছে। গতকাল দুপুরে শৈলকুপার হাটফাজিলপুর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে এই কানের দুল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার সেলিনা র্যাবের জিজ্ঞাসাবাদে শিশু জান্নাতি খাতুনকে হত্যার কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের কানের দুলের জন্যই শিশু জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন জানান, উক্ত ক্লুলেস হত্যা মামলার মূল হত্যাকারী ও পরিকল্পনাকারী আসামি মোছা. সেলিনা বেগম (২৮), বাগুটিয়া গ্রামে নিজ এলাকায় নিজেকে আত্মগোপন করে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ক্লুলেস হত্যা মামলার মূল হত্যাকারী মোছা. সেলিনা বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং জানায় যে, গত ১১ সেপ্টেম্বর তার নিজ বসতবাড়ির পেছনের রাস্তায় শিশু জান্নাতি খাতুনকে একা পেয়ে জোরপূর্বক তার কানে পরিহিত স্বর্ণের কানের রিং নেওয়ার চেষ্টা করে। এ সময় জান্নাতি চিৎকার করলে তার মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিথর দেহ কাঠের লাকড়ির ভেতর রেখে ভিকটিমের কান থেকে রিং খুলে নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রয় করে। পরবর্তীতে লাশ গুম করার জন্য নিকটস্থ স্থানীয় পুকুরের পানিতে ফেলে রেখে চলে যায়।
উল্লেখ্য, শৈলকুপার বাগুটিয়া গ্রামে নিখোঁজের ৮ ঘণ্টা পর জান্নাতি খাতুন নামে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই জান্নাতির পরিবার অভিযোগ করে আসছে ধর্ষণের পর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। সে কারণে পুলিশ প্রতিবেশী যুবক রিপনকে আটক করে।
এইউ