দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজীতে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে নিজের নাম না থাকায় ব্যানার সরিয়ে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। স্থানীয় সংসদ সদস্য ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের সামনেই অনুষ্ঠানের ব্যানার অপসারণ করেন তিনি। পরে ব্যানার ছাড়াই অনুষ্ঠান শেষ হয়।
উপজেলার একটি নবনির্মিত মাদরাসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শিরীন আখতার। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম মজুমদারের নাম লেখা ছিল না। এর জেরে সংসদ সদস্যের সামনেই অনুষ্ঠানের ব্যানার অপসারণ করেন আবদুল আলিম। পরে ব্যানার ছাড়াই ভবনটি উদ্বোধন করেন শিরীন আখতার।
স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা সূত্রে জানা যায়, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদরাসার চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রোববার (১৭ সেপ্টেম্বর) ওই ভবন উদ্বোধনের অনুষ্ঠানে আসেন ফেনী-১ আসনের (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) সংসদ সদস্য শিরীন আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম। অনুষ্ঠান শুরুর পর আবদুল আলিম ব্যানারে তার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে ওই ব্যানার অপসারণের নির্দেশ দেন।
সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের আয়োজকেরা ওই ব্যানার অপসারণ করেন। পরে ব্যানার ছাড়াই ওই ভবন উদ্বোধন করেন অতিথিরা। ব্যানার অপসারণের পরপরই অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের কিছু অভিভাবক ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। এতে আয়োজকেরা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল আলিম মজুমদার বলেন, অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে বিশেষ অতিথি করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে নাম না দেওয়া ষড়যন্ত্রের অংশ বলে আমার মনে হয়েছে। এমপির প্রতি আমার কোনো প্রকারের ক্ষোভ বা ক্ষোভ বা অসন্তোষ নেই। কিন্তু আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
তবে এ বিষয়ে সংসদ সদস্য শিরীন আখতার কোনো মন্তব্য করেননি। মাদরাসার সুপার মাওলানা জয়নাল আবেদীন বলেন, ব্যানারে ভুলবশত উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামটি লেখা হয়নি। এ জন্য তারা ক্ষমাপ্রার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম ভূঞা, জেলা জাসদ সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মো. আবুল হাসেম বুলবুল।
এইউ