দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নানা অভিযোগে আলোচিত-সমালোচিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজুদ্দৌলাকে বান্দরবানের থানচিতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) ও সিনিয়র সহকারী সচিব এস এম সোহরাব হোসেনের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
একই আদেশে থানচির পিআইও মো. সুজন মিয়াকে উলিপুর উপজেলায় বদলি করা হয়েছে। তবে সিরাজুদ্দৌলাকে ‘প্রশাসনিক কারণ’ এবং সুজন মিয়াকে ‘জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ আছে। উভয় কর্মচারীকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। অন্যথায় ২১ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
পিআইও সিরাজুদ্দৌলার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন না করে বিল পরিশোধ, সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করা, প্রকল্পের টাকা ফেরত দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের দরপত্রের লটারিতে ফলাফল পাল্টে নিজ সহকর্মীর ভাইয়ের নামে কাজ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও চলমান রয়েছে।
এসব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের অভিযোগ তুলেছেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ নিয়ে পিআইওর ডোপ টেস্টেরও দাবি তোলেন চেয়ারম্যান। নানা কারণে চেয়ারম্যানের সঙ্গে সিরাজুদ্দৌলার দূরত্ব তৈরি হয়েছিল।
বদলির বিষয়ে জানতে পিআইও সিরাজুদ্দৌলার মোবাইল নম্বরে একাধিকবার কলরেও বন্ধ পাওয়া গেছে। উপজেলা ও জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্রে সিরাজুদ্দৌলার বদলির আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাস্তি হিসেবে কিংবা কারও বিশেষ সুপারিশে তাকে বদলি করা হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, পিআইওর বদলির আদেশের কথা শুনেছি। তবে আমি এখনও আদেশের কপি পাইনি।
জেবি