দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই শ্যালক।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় রশিদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক থেকে ফিরিয়ে আনতে রাসেল তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান। অনেক চেষ্টা করেও কোড়ালটি মাথা থেকে বের করতে না পেরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রহমান পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রয়েছে।
জেবি