দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’ এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী।
দেশ ও বিদেশের ৩৫ হাজার প্রতিযোগীর মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আইতে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাকে ভোট দেয়া যাবে।
কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটোরিকশা চালক মো. কুদ্দুস আলীর বড় মেয়ে ফেরদৌসী। তার মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল দুর্বলতা।
সাত বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সঙ্গীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে সংগীতের শিক্ষা শুরু করেন। ফেরদৌসী মূলত লোকসংগীতের শিল্পী হলেও সব ধরনের সংগীত পরিবেশন করেন। সে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেইসঙ্গে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সঙ্গে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকায় সরকারি সংগীত কলেজে বি মিউজিকের লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেইসঙ্গে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকাভুক্ত শিল্পী ফেরদৌসী।
তার বাবা মো. কুদ্দুস আলী বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আইয়ের মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তার অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে বাবা হিসেবে অনেক গর্বিত করেছে।
ফেরদৌসী জানান, আমার স্বপ্ন একজন বড় সংগীত শিল্পী হওয়ার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেইসঙ্গে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠ শিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন অর্জন করতে পারব।
কুড়িগ্রামের সাংস্কৃতিকজনরা তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানান।
জেবি