দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর দুই পক্ষ হাসপাতালের প্রশাসনিক ভবনের আশপাশ এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবন কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় শিডিউল বিক্রির কার্যক্রম চলছিল। শিডিউল ক্রয় নিয়ে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর মাঝে জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল সিডিউল কিনতে গেলে বাঁধা দেয় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু। এই নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাকির ঘটনার ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারের শিডিউল বিক্রি চলছে গত এক মাস যাবত। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাসিম মন্ডল নিকু শিডিউল বিক্রি করতে দেবেন না। আজকে আমরা জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলামের শিডিউল কিনতে আসলে নাছিম মন্ডলের লোকজন বাধা দেয়। এসময় কিছুটা ঝামেলা হয়েছে। তবে আমরা শিডিউল কিনেছি।
এ বিষয়ে জানতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি নাসিম মন্ডল নিকুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, শিডিউল বিক্রির নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে তিনি বলেন, তেমন কিছু ঘটেনি। এখন পরিস্থিতি শান্ত আছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, শুনেছি টেন্ডার নিয়ে দুই গ্রুপের মাঝে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এইউ