দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাওনা টাকা নিয়ে লোড-আনলোড শ্রমিক ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিরাজ করা উত্তেজনা বিকেল তিনটার দিকে সংঘর্ষে রূপ নেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পাটগ্রাম উপজেলা ইউএনও নুরুল ইসলাম ঘটনাস্থলে গেলে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫ ঘণ্টা তাকে বুড়িমারী বন্দরের সংঘ নিরোধ অফিসে অবরোধ করে রাখে শ্রমিকের এক গ্রুপ। অবশেষে আগামী ১৬ তারিখে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
দুপুরে প্রথমে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে বিকেল তিনটার দিকে উভয়পক্ষের মধ্যে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে এক সাংবাদিকসহ অন্তত দশ শ্রমিক আহত হন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তিনজনকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
সংঘর্ষের কারণে দীর্ঘসময় পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে । বন্ধ হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম।
পুলিশ সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লেও মহাসড়কে অবস্থান নিয়ে থাকে উভয়পক্ষ।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিক কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে থানার ওসি, সহকারী কমিশনারসহ (ভূমি) শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।
জেবি