দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর থেকে অপহরণ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মো. শাজাহান ও কবির হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাজাহান যশোর জেলার মনিরামপুর থানার মশ্বিমনগর এলাকার সোবহান আলী সরদারের ছেলে এবং কবির হোসেন একই জেলার ও থানার শ্যামপুর এলাকার কাদের সরদারের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গত ১০ সেপ্টেম্বর নাটোর থানায় দায়েরকৃত অপহরণ মামলার সূত্র ধরে নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ১১ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে র্যাব-৬ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলোরোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা শাহজাহান এবং কবির হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ চক্রের মূলহোতা শাহজাহান জানায়, সে ছোট থাকা অবস্থায় তার মা তাকে নিয়ে ভারতে চলে যায়। পরবর্তীতে গত ছয় বছর আগে সে আবারো বাংলাদেশে আসে এবং যশোর মনিরামপুরের তার বাবা সোবহান আলীর সঙ্গে বসবাস করতে থাকে। মূলত সে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভনে আকৃষ্ট করে এবং সেই মেয়েদের ভারতে পাচার করে মোটা অঙ্কের টাকা আয় করে থাকে। এই কাজে তাকে তার বোন জামাই কবির হোসেনসহ আরও অনেকেই সহযোগিতা করে থাকে বলেও জানায় সে।
গ্রেপ্তারকৃত অপহরণকারী মো. শাহজাহানের ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই নাগরিকতা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সে এই অপহরণ কাজ চালিয়ে যাচ্ছিল। পরে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত শাহজাহান ও কবির হোসেনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি