দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ রাকিব (২৪) যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে ও ছাত্রলীগের কর্মী ছিলেন। রোববার রাতে মারপিটের শিকার হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দলীয় কর্মসূচিতে যোগদান নিয়ে দু’পক্ষের বিরোধে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাকিবসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। আহত আরও চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইতশাক আহমেদ অপু, শহিদুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী। আহত ইমরান আলী বলেন, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাবা কাজী শাহেদ আহমেদ স্মরণে কচুয়ায় শোকসভা করা হয়। এ কারণে প্রতিপক্ষরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। পরে তারা আমাদের ওপর হামলা করে।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমরা নিমতলী টেকেরহাট বাজারে আমার দোকানে বসেছিলাম। এসময় প্রতিপক্ষরা লাঠি, শাবল, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।
ইমরান বলেন, রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মোহাম্মদ রাকিবের ঢাকায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এইউ