দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির তাণ্ডবে আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের উত্তরে বুরুঙ্গা কালাপানি গ্রামের ১০ নম্বর মোড় এলাকায় আমন ধান খেতে হাতিরদল তাণ্ডব চালায়।
গ্রামবাসী জানায়, গত কয়েকদিন যাবত ৪০-৫০ সদস্যের একদল বন্যহাতি চলতি আমন ধান ক্ষেতে হানা দিচ্ছে। দিনের বেলায় গহীন জঙ্গলে লুকিয়ে থাকলেও বিকেল বেলায় খাবারের সন্ধানে চলে আসে আমন ধান ক্ষেতে। এসময় আমন ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছে সীমান্ত গ্রামের কৃষকরা। রোববার সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার ফসলের মাঠে নেমে এসে হাতির দল কৃষক আব্বাস আলী, দাবাকা সাংমা, পতিশন সাংমা ও হানিফ মিয়ার আমন ধান খেয়ে ও পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে দেয়। এসময় কৃষকরা ফসল বাঁচাতে ও হাতি তাড়াতে ডাকচিৎকার করেও ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্বাস আলী বলেন, আমার দেড় একর জমির ধান হাতিরপাল খেয়ে সাবাড় করে দিয়েছে। হাতির দল এখন মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে। তারা রাতের যেকোনো সময় আরও আবাদী মাঠে হানা দিতে পারে। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্টরেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকরা বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তারা সরকারিভাবে ফসলের ক্ষতিপূরণ পাবেন। এছাড়া বন বিভাগ কৃষকের ফসল বাঁচাতে তৎপর রয়েছে বলেও তিনি জানান।
এইউ