দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ মাদক সম্রাজ্ঞী সাবিনাসহ তার চার সহযোগীকে আটক করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী আগ্রাদ্বিগুন ইউনিয়নের চককাশিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ধৃত চোরাচালানিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার ২৫৭/৩ থেকে বাংলাদেশের ভেতর চককাশিপুর গ্রামে (ঈদগাহ মোড়) এলাকার সালমা ভিলা নামক এক বাড়িতে অভিযান চালায়। অভিযানে এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সাবিনা বেগম (৪৪) ও তার চার সহযোগীসহ বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
সাবিনা বেগম উপজেলার চককাশিপুর গ্রামের মো.আলতাফ হোসেনের স্ত্রী। অপর সহযোগীরা হলেন ছালমা খাতুন (১৯), তার স্বামী শাকিল হোসেন (২৩), কুলসুম বেগম (১৭) ও ফাতেমা খাতুন (১৮)। এ সময় তাদের কাছ থেকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ ভরি ১৫ আনা ৫ রতি স্বর্ণালংকার, নগদ তিন লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ভারতীয় ১০০ রুপি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি বলেন, সাবিনা ইয়াসমিন এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রায় ৭-৮ বছর ধকে মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এ নেটওয়ার্কে সে তার বাবা, নিজের মেয়ে, ভাতিজা, বোনের মেয়েসহ অনেককে যুক্ত করেন। নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট, পোরশা, সাপাহার, পত্নীতলা এবং আশপাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট গড়ে তুলে মাদকদ্রব্য কেনাবেচা চালাতেন। আগ্রাদ্বিগুন বাজারে সাবিনা বিলাসবহুল বাড়ি নির্মাণ করে বিলাসী জীবনযাপন করতেন।
পরে বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এদিকে এলাকাবাসী মাদক সম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিনকে আটক করায় স্বস্তি প্রকাশ করে বিজিবির এই অভিযানকে সাধু জানিয়েছে। পাশাপাশি তার সিন্ডিকেটের পুরো টিমকে আটক করার জন্য জোর দাবি জানিয়েছে।
এইউ