দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকসহ দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহ ত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান।
বুধবার ( ৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের রংপুর মেডিকেলে নেয়ার পর দুজন মারা যান।
নিহতরা হলেন মনিরুজ্জামান পাভেল (৩১) ও হোসেন আলী (৩৩)। পাভেল উলিপুর উপজেলার সরদার পাড়া গ্রামের শের আলীর ছেলে। হোসেন আলী একই উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে। আহত যুবকের নাম মারজান (২৮)। তিনি উপজেলার হায়াৎ-খাঁ এলাকার বাসিন্দা। মারজান বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পাভেলের বড় ভাই ময়নুল ইসলাম পারভেজ বলেন, বুধবার বিকেলে দুই ভাই একসঙ্গে চা খেয়েছি। তাকে আমাদের ফার্মিসিতে বসতে বলে বাড়ি গিয়েছিলাম। সে দোকানে গিয়ে ছেলেদের বলেছে একটু যাব আর আসবো। এই বলে ওরা তিনজন মোটরসাইকেলে করে বের হয়। কোথায় যাচ্ছিল জানি না। বিকেল সাড়ে ৫টার দিকে ওর ফোন থেকে একজন ফোন করে জানায় সে মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। পরে আমরা ছুটে যাই। কিন্তু রাতে ওর লাশ নিয়ে বাড়ি ফিরি।
দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও আহত যুবকের বরাতে পারভেজ আরও বলেন, ওরা বৈদ্যের বাজারে গিয়ে তিনজন চা খেয়েছিল। পরে আবার মোটরসাইকেলে উঠে রওয়ানা হয়। কিন্তু ভুলে মোটরসাইকেলের স্ট্যান্ড তোলেনি। কিছুদূর গিয়ে মোড় ঘোরার সময় সড়কে স্ট্যান্ডের ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে। চালক হোসেন আলী ও পাভেল সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও একটি কংক্রিটের পিলারে ধাক্কা খায়। আহত তিনজনকেই প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে নেয়া হয়। হাসপাতালে পৌঁছে জানতে পারি পাভেল মারা গেছে। পাভেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে জানতে পারি চিকিৎসাধীন অবস্থায় হোসেন আলীও মারা গেছে। পাভেলের দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে বলে জানান পারভেজ।
নিহত অপর যুবক হোসেন আলীর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, দুই যুবক নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
জেবি