দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশের গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম প্রেম করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। নাঈম বেশি সময় শ্বশুরবাড়িতেই থাকতেন।
নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় আমার ছেলের বউ বিজুরী নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে তারা। এই ঘটনার আমি বিচার চাই।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ