দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পোষা হাতির আক্রমণে গোলাম মোস্তফা (৫০) নামে এক মাহুত (হাতি রক্ষক) নিহত হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের ভেতরে এ ঘটনা ঘটে।
হাতিটি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানের বলে জানা গেছে। তবে হাতিটি হঠাৎ উন্মাদ হয়ে বেশ কিছুদিন আগে বনে চলে গিয়েছিল।
স্থানীয়রা জানান, কুলাউড়া-ফুলতলা সড়কের পাশে পাহাড়ের বাঁশমহাল এলাকায় বিভিন্ন মালিকের পোষা হাতি বিচরণ করে। অনেক সময় হাতিগুলো আশপাশের ধানক্ষেতে গিয়ে ফসল নষ্ট করে। কখনও কখনও উন্মাদ হাতির আক্রমণে মানুষও আহত হন।
হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য প্রদীপ যাদব বলেন, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানের হাতিটি উদ্ধার করতে কয়েকজন কর্মী কয়েকদিন ধরে কাজ করছিলেন। হাতিটিকে প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কিন্তু হঠাৎ তার আক্রমণে একজন মারা যান।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
আরএ