দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক ঝড়-বৃষ্টিতে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে ঝড় শুরু হয় বলে জানায় স্থানীরা। এই ঝড়ে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া অনেক গাছ উপড়ে ও ভেঙে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়।
ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় উপজেলার অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এদিকে ঝড়ের কবলে পড়ে অনিল দাস (৪৫) নামের এক মৎস্যজীবী সোনাডুবি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে।
অন্যদিকে মাছ ধরতে গিয়ে মারা গেছেন আব্দুল কুদ্দুস (৩৮) নামের আরও এক মৎস্যজীবী। তিনি উপজেলার পোগলা ইউনিয়নের বেখুরিকান্দা শুনই গ্রামের আব্দুল মোতালিব এর ছেলে।
পোগলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানায়, ৮ জন মৎস্যজীবী বেখুরিকান্দা শুনই গ্রামের পাশে বানবিলে মাছ ধরতে যায়। পরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে আব্দুল কুদ্দুস (৩৮) নিখোঁজ হন। তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নৌকায় থাকা ৭ মৎস্যজীবী সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে সক্ষম হন বলে জানান মোজাম্মেল হক।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক বলেন নিখোঁজ অনিল দাসের বিষয়ে কিশোরগঞ্জের একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) তাপস দেবনাথ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। আশা করছি সোমবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, ঝড়ে বেশ কিছু এলাকায় প্রায় অর্ধশত ঘরবাড়িসহ গাছপালার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি, কাজ চলছে। নিহত জেলে আব্দুল কুদ্দুছের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে সেখানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুর্নবাসনের জন্য ঢেউটিনের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
এইউ