দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের এনায়েতপুরের এক কাপড় ব্যবসায়ীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমনের বিরুদ্ধে। ওই ব্যবসায়ী গোপরেখী পশ্চিমপাড়া উনিশ-কুড়ি উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী হাসমত উল্ল্যাহ। এছাড়া তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী হাজী হাসমত উল্ল্যাহ’র অভিযোগ, সোমবার (২৮ আগস্ট) দুপুরে গোপালপুর কুঠিপাড়া সোহেল মল্লিকের তাঁত কারখানার বাইরে ৪ জন মিলে ব্যবসায়িক কথাবার্তা বলছিলাম। এমন সময় হঠাৎ করে কয়েকজন পুলিশ সদস্য আমাদের দিকে তেড়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা বলে আমরা নাকি মাদক সেবন করছি। এমন কথা বলেই চড় থাপ্পড় দেয় এবং চড়াও হয়ে ওঠে। একপর্যায়ে আমাদের থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। এসময় থানার এএসআই ওবায়দুর রহমান তাঁত কারখানা ভেতরে নিয়ে ১ লাখ টাকা দাবি করেন। তা না হলে মাদক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। তবে লোকজন জড়ো হলে পুলিশ আমাদেরকে দ্রুত ৫০ হাজার টাকা দিতে বলে। তখন ভয়ে ৩৪ হাজার টাকা নিয়ে চলে যায়।
তিনি আরও অভিযোগ করেন, এএসআই ওবায়দুর রহমান মামলার ভয় দেখিয়ে এমন কাণ্ড আরও করেছেন। নিরীহ ব্যবসায়ীদের মান সম্মানের ভয় দেখিয়ে পুলিশ সদস্যের এমন কাণ্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান জানান, মাদক সেবনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে মাদক খাওয়া অবস্থায় তাদের কাউকে পাওয়া যায়নি। টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। এছাড়া মারধর কিংবা মাদকের ভয়ভীতি দেখানো হয়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ জাতীয় ঘটনা আমার জানা নেই। মাদকের ভয় দেখিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইউ