দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ায় একটি জিমে গোপনে নারীদের ভিডিও করা হত। ব্যাপারটি বুঝতে পেরে এর প্রতিবাদ করেন জিমে ব্যায়াম করতে আসা দুই নারী। প্রতিবাদ করায় জিমের কর্ণধার ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লব তাদের মারধর করেন বলে অভিযোগ ওঠেছে।
হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সহসভাপতি।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের বিএস ফিটনেস ক্লাব জিমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিমের পরিচালক হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তার ও সাইমকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপর অভিযুক্ত নিলয়কে খুঁজছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ও তার বোন শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস সেন্টারে নিয়মিত ব্যায়াম করতেন। সেখানে মেয়েদের জন্য আলাদা ব্যায়াম করার ব্যবস্থা থাকায় দুই বোন সেখানে ভর্তি হন। জিমের ট্রেইনার মিতু আক্তারের আচরণে তাদের সন্দেহ হয়, গোপনে কেউ তাদের ভিডিও ধারণ করছে। দুদিন আগে তারা নিশ্চিত হন ট্রেইনার মিতু গোপনে তাদের ভিডিও ধারণ করেছেন।
মিতুকে ভিডিও বিষয়ে জিজ্ঞেস করেন তারা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিপ্লবসহ তার সহযোগীরা তাদের রড দিয়ে পিটিয়ে আহত করেন। সেখানে জিম করতে আসা সোহেল মিয়া বাধা দিতে আসলে তাকেও পিটিয়ে আহত করেন। পরে তাদের সেখানে আটকে রাখেন। খবর পেয়ে পরিবারের লোকজন জিমে এলেও তারা ভেতরে ঢুকতে পারেননি।
৯৯৯-তে কল পেয়ে সদর মডেল থানা পুলিশ মারধরের শিকার দুই বোন ও সোহেলকে উদ্ধার করে। গুরুতর আহত হওয়ায় সোহেলকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ছাত্রলীগের সহসভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় রাতে ওই গৃহবধূর ভাসুর মাসুদুর রহমান (সোহাগ) হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করেন। রাতে মামলা নথিভুক্ত করার পর ওই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।
এফএইচ