দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার জেলার সব নাগরিকের সঙ্গে মিলেমিশে জেলা পুলিশ কাজ করতে চায়। আর জনপ্রতিনিধিদের মাধ্যমেই জেলার সবার সঙ্গে কাজ করা সম্ভব বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপেজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে স্ব স্ব এলাকায় যানজট, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ আইনশৃঙ্খলা বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসহ নানাবিধ কাজ করছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের আপনাদের কাছে পাঠিয়েছি। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের বিট অফিসার, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ, নাইটগার্ডসহ সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে কাজ করলে সুফল পাওয়া যাবে।
সম্প্রতি কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো এলাকায় নতুন কোনো লোক আসলে তার পরিচয় এবং কাজকর্ম সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নজর রাখতে হবে। কুলাউড়ার ঘটনায় আমরা একটু সচেতন হলে আরও আগেই তাদের নির্মূল করা সম্ভব হতো।
মো. মনজুর রহমান বলেন, ইভটিজিং, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ইত্যাদি ক্ষেত্রে আমাদেরকে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। সমাজে কোনো ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে প্রাথমিক স্টেজেই কাজ করতে হবে, যাতে সমস্যাটা বড় না হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি, মেসেজ দেখলে যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে স্থানীয়ভাবে প্রচারণা চালাতে হবে।
মাদক এবং কিশোর গ্যাং সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, বর্তমান সময়ে কিশোর গ্যাং আর মাদক অনেক বড় সামাজিক সমস্যা। বাইরের কেউ না, আমাদের সমাজের আমাদের ছেলেরাই কিশোর গ্যাং এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব সমস্যা একমাত্র সামাজিকভাবেই প্রতিরোধ করা সম্ভব। চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে মৌলভীবাজার থেকে এসব সমস্যা দূর করা সম্ভব। "
মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।