দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচর থেকে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা প্রায় কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার (২৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারিকে আটক করে। মাদক কারবারির নাম তহুরুল ইসলাম (২৩)।
তিনি গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর এলাকার সাইদুর রহমানের ছেলে। তহুরুল ইসলাম একজন চিহ্নিত চোরাকারবারি বলে জানিয়েছে র্যাব। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচর গ্রামের শীর্ষ মাদক কারবারি তহুরুল ইসলাম মাদকের একটি বড় চালান নিয়ে তার বাড়িতে অবস্থান করছে।
এমন সংবাদে র্যাব নৌকাযোগে নদী পেরিয়ে তহুরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর সময় র্যাব তহুরুলকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ফুট মাটির নিচে পুঁতে রাখা ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটক তহুরুল ইসলামকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জেবি