দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট পৌরসভার মিশনমোড় এলাকা থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল নোট বহনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে কয়েকজন জাল নোট কেনাবেচা করছেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুলফিকার আলী রাস্তার পশ্চিম দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
জুলফিকার আলীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি খাম থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি নোট, যার মোট মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। অন্য খামে ছিল ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট, যার মোট মূল্য ২৬ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জুলফিকার পুলিশকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম ও তাঁর অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সহযোগীর কাছ থেকে এসব জাল নোট সংগ্রহ করেছিলেন। তাঁর দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে রাত ১টা ৫ মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন। পরে সেগুলো বহন, সরবরাহ ও ব্যবহার করতেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএস/