দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী এলাকায় সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আসামিরা। এ সময় তাঁরা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলাটি করে। এতে ১৫ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেন।
এদিকে মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ২০ নভেম্বর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমএস/