দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী সেতুসংলগ্ন নদীতীরের বেদে পল্লীর ২০ থেকে ২৫টি পরিবারের সদস্যরা। পলিথিন ও ত্রিপলের তৈরি ঘরে বৃষ্টির পানি ঢুকে ভিজে গেছে বিছানাপত্র, কাপড়চোপড়সহ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। বন্ধ হয়ে গেছে আয়-রোজগার। এতে পরিবারগুলোতে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের তুলাতলী নদীর তীরের বেদে পল্লীর বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। অস্থায়ী ঘরগুলোর বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, নদীর কিনার ঘেঁষে সারি সারি পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘর। টানা বৃষ্টিতে ঘরের মেঝে কাদায় পরিণত হয়েছে। ছাউনির বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ছে। ভিজে গেছে বিছানাপত্র ও কাপড়চোপড়। স্যাঁতসেঁতে পরিবেশের পাশাপাশি শুকনো লাকড়ির অভাবে অনেক পরিবার রান্নাও করতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে তাঁদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ রয়েছে। কাজ না থাকায় আয়-রোজগারও হচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অস্থায়ী ঘরে পানি ঢোকায় রাত কাটানোও কঠিন হয়ে পড়েছে।
তাঁরা আরও জানান, শীতের শুরুতে এমন বৈরী আবহাওয়ায় শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। ঠান্ডা বাতাস ও স্যাঁতসেঁতে পরিবেশে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শিশুদের নিরাপদে রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা তাঁদের নেই।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, বেদে পল্লীর বাসিন্দাদের দুর্দশার কথা বিবেচনা করে তাঁদের কাছাকাছি কোনো বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। পরিবারগুলোর জন্য শুকনা খাবারের ব্যবস্থাও করা হবে।
এমএস/