দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গ্রাম পুলিশদের উদ্দেশে বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা চিরাচরিতভাবে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো এবং মানুষ হত্যা করছে। এসব নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যরা পোশাকধারী সরকারি কর্মচারী। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে ফোনে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। অন্যদিকে গ্রাম পুলিশ সদস্যের সংখ্যা ১৩০ জন। এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখলেও মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁদের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।
সভায় প্রধান গ্রাম পুলিশ আব্দুস ছাত্তার তিন-চার মাস পরপর বেতন-ভাতা পাওয়ার ভোগান্তির কথা তুলে ধরে প্রতি মাসে বেতন দেওয়ার দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।
নান্দাইলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ অন্যরা।
এমএস/