দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশ লাইন্সে কল্যাণ সভা এবং বিকেলে সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকেল ৪টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। এ সময় তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বৃষ্টির মধ্যে উপস্থিত হওয়ায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে পুলিশ প্রধান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং আগামীতেও ভালো থাকবে। শান্তিপ্রিয় জনগণকে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এদের সংখ্যা খুব বেশি না।”
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুনরায় চালুর বিষয়ে আইজিপি পাল্টা প্রশ্ন তুলে বলেন, “থানাগুলো জনগণের জন্য। সেই থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?”
সীমিত জনবলের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ১০ লাখ মানুষের বিপরীতে একটি থানায় ২০ জন পুলিশ সদস্য থাকেন। জনগণ আইন মান্যকারী নাগরিক না হলে এবং পুলিশকে মানসিক ও সার্বিক সমর্থন না দিলে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। জনগণ না চাইলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসবিরোধী অভিযান চলবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি জানান, জনগণ যা চাইবে, সরকার সেই সিদ্ধান্তই নেবে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আগেও অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; তার পরিণতি কী হয়, তা সবাই দেখেছে। আমাদের যেন কোনো চরম (এক্সট্রিম) অবস্থায় যেতে না হয়, সেভাবেই আপনারা থাকবেন।”
উল্লেখ্য, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া এবং সংসদ সদস্য ও বিএনপি নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল ৩টায় সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইজিপি মো. আলী হোসেন ফকির, র্যাবের মহাপরিচালক ফারুক আহম্মেদ ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএস/