দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। মানুষ এখন গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক ছাড়াই চলাফেরা করছে। অথচ পলাতক ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের অপচেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বছরের পর বছর দেশের মানুষ যে দুঃশাসনের শিকার হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করছে। আগের মতো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক নেই। কিন্তু যারা দীর্ঘদিন মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বুঝতে পেরেছে, দেশে এখন আর ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগও নেই। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। আর বিএনপি রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করবে।
সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। কখনো ককটেল বিস্ফোরণ, কখনো পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আবার সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে গণপরিবহণে অগ্নিসংযোগ করা হচ্ছে।
তিনি বলেন, যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে। সেই শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের মানুষ তাদের সেই সুযোগ দেবে না।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই নির্বাচন নিয়ে কেউ বলতে পারেনি যে বিএনপি বিনা ভোটে ক্ষমতায় বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে।
জুলাই সনদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে তিনি বলেন, সনদের বিভিন্ন বিষয়ে যেসব আপত্তি ও জটিলতা ছিল, সেগুলোও সমাধানের পথে রয়েছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে দেশকে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে পৌঁছান রিজভী। বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিতে তিনি যশোর সফরে এসেছেন।
যে আই