দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মোটরসাইকেলের বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। পরে মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে আবার কামারখন্দে ফিরে কর্মসূচি শেষ হয়।
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে শোডাউনে নেতৃত্ব দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
এমএস/