দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের অভিযান চালাতে গিয়ে হামলার চেষ্টা ও হেনস্তার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তার উপস্থিত ছিলেন।
এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাঁদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে একটি দোকান থেকে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করে। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলা ও অটোরিকশা ভাঙচুর করা হয়।
বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফার উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয় বলেও অভিযোগ করেন তিনি।
এমএস/