দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে। জমিসংক্রান্ত তথ্য জানতে গেলে তথ্য না দিয়ে ওই ব্যক্তিকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদেরও প্রশ্নের মুখে পাল্টা ক্যামেরা চালু করে তিনি বলেন, আপনি আমাকে প্রশ্ন করার কে? পরে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। তার অভিযোগ, প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাকে উপজেলার রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন ভূমি কর্মকর্তা আহসানুল হক। একপর্যায়ে তার ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জানতে ভূমি কর্মকর্তার কাছে যান সাংবাদিকরা। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনি আমাকে প্রশ্ন করার কে? এ সময় সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের ক্যামেরাও চালু করেন তিনি। পরে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন বলে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার প্রভাব দেখিয়ে চলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয়দের ব্যবহার করার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, তিনি তার বাবার একটি সম্পত্তির বিষয়ে তথ্য জানতে গিয়েছিলেন। কিন্তু ভূমি কর্মকর্তা কোনো তথ্য না দিয়ে তাকে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে তাকে কক্ষ থেকে বের করে দেন। চাইলে কর্মকর্তা বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন এবং ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে এমন আচরণ দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে ওই কর্মকর্তা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, ভূমি অফিসে মানুষ নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে আসেন। সেখানে কোনো কর্মকর্তা সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, সাংবাদিকদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই