দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী তিন বছরের মধ্যে দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। পাশাপাশি বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবিলাও সহজ হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আগের সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদনের যে হিসাব দেখানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে উৎপাদন সক্ষমতার অসংগতি পাওয়া গেছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও প্রয়োজনীয় গ্যাস সংযোগ না থাকায় সেগুলো থেকে প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি।
তিনি বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন অন্যতম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়, মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি স্থাপনাগুলোতে এ ধরনের প্রকল্প বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।
সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে তিনি বলেন, বড় প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মাত্র এক শতাংশ সুদে ঋণ এবং বিশেষ ক্ষেত্রে বিনা সুদে আমদানির সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সার উৎপাদনের মৌসুমে সার কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। আবার সেচ মৌসুমে কৃষকদের সেচযন্ত্র চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়। ঈদসহ বিভিন্ন উৎসবে মার্কেট ও বিপণিবিতানেও বিদ্যুতের চাহিদা বাড়ে। বিদ্যুতের সীমাবদ্ধতার কারণে অনেক সময় খাতভিত্তিক সরবরাহ সমন্বয় করতে হয়।
কিশোরগঞ্জে আমন মৌসুমে কৃষকদের বিদ্যুতের চাহিদা বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে সরবরাহ বৃদ্ধি করা গেলে লোডশেডিং অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে হাওরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জে নৌ-অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীর প্রত্যন্ত এলাকার মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। নৌ-অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন নাকি অন্য কোনো দপ্তরের অধীনে পরিচালিত হবে, তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে দ্রুত সময়ের মধ্যে কিশোরগঞ্জে একটি নৌ-অ্যাম্বুলেন্স আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দেশের জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা। প্রকল্পটি চালু হওয়ায় কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যে আই