দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ এবং সমাজের সব ধরনের মন্দকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও বার্ষিক মিলাদ মাহফিলে তিনি এ আহ্বান জানান।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে, ভালো বিষয়গুলো ধারণ করতে হবে এবং সমাজের যা কিছু খারাপ, সবাই মিলে তা প্রতিহত করতে হবে। এভাবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মরহুম আলী আহমদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে ক্ষুদ্র প্রচেষ্টা থেকেও বড় কিছু করা সম্ভব, তা তিনি প্রমাণ করেছেন। নিজের পরিবারের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি এলাকার হাজারো শিশুর শিক্ষার সুযোগ তৈরি করতে একটি সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।
তিনি বলেন, কিছু মানুষ শুধু নিজের বা পরিবারের জন্য কাজ করেন না; দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করেন। আলী আহমদ ছিলেন তেমনই একজন। এলাকার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তার দূরদর্শিতা অনুকরণীয়।
আলী আহমদের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারা চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া জমি অন্য কাজে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পারতেন। কিন্তু বাবার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে তারা জমি দেওয়ার পাশাপাশি স্কুলের উন্নয়নে সময় ও শ্রম দিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মরহুম আলী আহমদকে শ্রদ্ধা জানাতে হলে তার অবদান মনে রাখতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় অন্তত একবার সিজদায় গিয়ে তার জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজকে আরও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রতিষ্ঠাতার পরিবারের। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো উন্নত শিক্ষার পরিবেশ ও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে তাদের। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করবেন তিনি।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে অবদান রাখা সাবেক শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মরহুম আলী আহমদ ও তার সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
যে আই