দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এক আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটিতে পদ পেয়েছেন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর জেলা বগুড়ার রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. ফিরোজ তানভীর। তিনি বগুড়া শহরের আটাপাড়ার আবু খালেকের ছেলে। গত বছরের ১৯ ফেব্রুয়ারি ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি কমিটিতে স্থান পেয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ফিরোজ তানভীর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর ঘনিষ্ঠ হিসেবেও কাজ করতেন তিনি। এ ছাড়া ভারতে অবস্থানরত বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার রহমান শান্তর নেতৃত্বাধীন কমিটিতেও পদ ছিল ফিরোজ তানভীরের।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি হিসেবে মো. তানভীরের নাম রয়েছে।
আটাপাড়ার স্থানীয় বাসিন্দাদের দাবি, মামলার আসামি মো. তানভীর এবং স্বেচ্ছাসেবক দলের পদ পাওয়া ফিরোজ তানভীর একই ব্যক্তি। দুজনের বাবার নাম ও ঠিকানাও একই বলে জানিয়েছেন তারা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, তৎকালীন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী ওই হামলায় অংশ নেন। হামলাকারীরা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ১৩০টি প্লাস্টিকের চেয়ার, আটটি সিলিং ফ্যান, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আলমারি, আইপিএস ও ব্যাটারিসহ মোট ১ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এ সময় কয়েকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
এ ঘটনায় শুভাশিষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলার ১৪ নম্বর আসামির নাম পরবর্তী সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় দলটির পদ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দেড় বছর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। বিষয়টি তার জানা ছিল না। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, একটি এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারেন। নামের মিলের কারণে মামলায় কারও নাম থাকতে পারে।
তবে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পদ পাওয়া ব্যক্তি এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামির নাম, বাবার নাম ও ঠিকানা একই কি না, তা যাচাই করা হয়েছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিতে হবে। এ বিষয়ে সভাপতির সঙ্গে পরামর্শ করে পরে বিস্তারিত জানানো হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফিরোজ তানভীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সব মিলিয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় নাম থাকা এক ব্যক্তির স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়া নিয়ে দলটির সাংগঠনিক যাচাই-বাছাই প্রক্রিয়া এবং পদ বাণিজ্যের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলের ব্যক্তিরা।
যে আই