দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। এ সময় ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। এতে তিনি গুরুতর আহত হন।
যুবদল নেতা মামুনুর রশীদ জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তাঁর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তারের সংস্পর্শে এসে ইমনের মৃত্যু হয়। ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা জানান, ইমনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, পিডিবিকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে যায়। খবর পেয়ে পিডিবির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় ইমন সচল বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিন অভিযোগ করেন, বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ার পরপরই পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু এরপরও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি। এ বিষয়ে পিডিবির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনা এড়ানো যেত বলে দাবি করেন তিনি।
এমএস/