দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসার নীলনকশা কখনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় আসলে জনগণের সম্পদ লুণ্ঠন করবে, দেশকে শোষণ করবে। এজন্য তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস স্মরণে বোয়ালিয়া (পূর্ব ও পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর জয় বাংলা চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র লিটন বলেন, আমরা দীর্ঘদিন বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বারবার নির্বাচনে আসার জন্য বলেছেন। নির্বাচন কমিশনও বলেছে, নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেন, তাহলে ক্ষমতায় যাবেন। আসার আগেই শর্ত দেন, আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, কেয়ারটেকার সরকার দিতে হবে। যে কেয়ারটেকার সরকার পাকিস্তান ছাড়া আর কোথাও তেমন দেখা যাচ্ছে না।
খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি পাকিস্তানের মতো করে কথা বলছে, কারণ তাদের ভালোবাসার দেশতো পাকিস্তান। আমরা সেই জাতি নই, যারা মাথা নত করে সব কথা মেনে নেব। আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটি আমাদের জনগণ, আমাদের সংবিধান, আমাদের উচ্চ আদালত নির্ধারণ করে দেবে।
খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তার মৃত্যুর কারণে সেটি অসমাপ্ত থেকে গেছে। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটার পর একটা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। নির্বাচনের এই বছরে অনেক মেগা প্রকল্পের উদ্বোধন করবেন, যা থেকে দেশ ও জনগণ লাভবান হচ্ছেন।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। সেটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এছাড়া তিনি পদ্মা সেতু করে দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন তিনি।
আরএ