দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে বিজিবি এ ধরনের কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পুশইনের শিকার দুজন হলেন ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) ও তার মেয়ে আলেয়া (৮)। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে বলেও জানান তিনি।
মতিয়ার রহমান বলেন, সকালে ওই নারী তার কাছে এলে তিনি বিষয়টি বিজিবিকে জানান। পরে নারী ও শিশুটি সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন বলে জানান তিনি।
তবে এ বিষয়ে ২৯ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সীমান্তে এমন কোনো পুশইনের ঘটনা ঘটেনি। অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা ওই নারী ও শিশুকে সীমান্তের ভারতীয় অংশে ফেরত পাঠানোর চেষ্টা করছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএস/